


ওয়াশিংটন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে তৈরি হল বদলের নানা ইতিহাস। আমেরিকার ২৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে নির্বাচিত হলেন কোনও মুসলিম সদস্য। নাম আবদুল এল-সায়েদ। হাই প্রোফাইল মিশিগান প্রদেশে ডেমোক্র্যাট প্রার্থী সায়েদ হারিয়েছেন রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে। ৪২ বছরের প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক সায়েদ পেয়েছেন ২২ লক্ষেরও বেশি ভোট। ২০ লক্ষ ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রজার্সকে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ডেমোক্র্যাটদের থেকে‘নীল গড়’ হিসাবে পরিচিত মিশিগান ছিনিয়ে নেয় রিপাবলিকান শিবির। পরে অবশ্য ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে এখান থেকে ডেমোক্র্যাট প্রার্থীরাই জয়ী হন। সেই অর্থে সায়েদের জয়ের মাধ্যমে মিশিগান আসনটি ধরে রাখল ডেমোক্র্যাটরা।
ছিল দলীয় কোন্দল। শেষ মুহূর্তে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স দলবদলে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের কথা ঘোষণা করেন। এরপরেও মিশরীয় বংশোদ্ভূত সায়েদ প্রায় ৬ শতাংশের ব্যবধানে জয়ী হয়েছেন। সায়েদের এই সাফল্য ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রগতিশীল তথা বামপন্থী ধারার জয় বলে মনে করছে রাজনৈতিক মহল। বেআইনি অভিবাসন বিরোধী অভিযান নিয়ে রিপাবলিকান প্রশাসনের উপর ক্ষোভ বাড়ছিল মিশিগানে। জুলাই মাসে ৫০৪ জনকে বেআইনি অভিবাসী বলে গ্রেপ্তার করে আইসিই। জয়ের পরে এক্স হ্যান্ডলে সায়েদ লিখেছেন, ‘মিশিগান থেকে নির্বাচিত হয়ে সেনেটে প্রবেশ আমার কাছে বিরাট সম্মান। এখন প্রকৃত কাজ শুরু হল।’ তাঁর সঙ্গে ভারতের কর্ণাটকের যোগ রয়েছে। সায়েদের স্ত্রী ড. সারাহ জুকাকু পূর্বতন ‘মহীশূর রাজ্যে’র প্রাক্তন মন্ত্রী জেএইচ সামসুদ্দিন জুকাকুর নাতনি।
এবারের ভোটে বদলেছে মার্কিন ভোটারদের পছন্দ। সেই বদলের হাত ধরে প্রথমবারের জন্য কোনো প্রদেশে নির্বাচিত হয়েছেন কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর। জর্জিয়া প্রদেশের গভর্নর পদে জয়ী হয়ে এই নজির গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। প্রথম সমকামী সেনেটরও পেয়েছে আমেরিকা। সমকামী ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস প্যাপ্পাস নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান জন সুন্নুনকে পরাজিত করেছেন। কলোরাডোতে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে ডেমোক্র্যাট টিকিটে হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচনে জিতেছেন মিলাট কিরওস।