


ওয়াশিংটন: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেলেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকরা। ভোটে জিতলেন ছ’জন। এরমধ্যে ডেমোক্র্যাট দলের চার ভারতীয় বংশোদ্ভূত অমি বেরা, রো খান্না, সুহাস সুব্রহ্মণ্যম এবং প্রমীলা জয়পাল ফের নির্বাচিত হয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। মেরিল্যান্ডে ডেমোক্র্যাট দলের ভারতীয় বংশোদ্ভূত লেফটেন্যান্ট গভর্নর অরুণা মিলারও ফের নির্বাচিত হয়েছেন। অন্য দিকে, প্রথমবার মার্কিন কংগ্রেসে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া।
এ বারের নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ—হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট, দু’টিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ডেমোক্র্যাটরা। নীল শিবিরের ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরাও সাফল্য পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার তৃতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী রব টাকারকে হারিয়ে অষ্টম বারের জন্য নির্বাচিত হয়েছেন ৬১ বছরের অমি বেরা। ২০১২ সালে প্রথম বার নির্বাচিত হয়েছিলেন তিনি। একইভাবে ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ফের জিতেছেন ৫০ বছরের রো খান্না। ভার্জিনিয়ার দশম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী ডেভ বেকউইথকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন সুহাস সুব্রহ্মণ্যম। বেকউইথের বিরুদ্ধে ৬১ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন ৪০ বছরের সুব্রহ্মণ্যম। ২০২৪ সালে প্রথম বার কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, ওয়াশিংটনের সপ্তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি প্রমীলা জয়পালও ষষ্ঠ বারের জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হয়েছেন। তবে নতুন মুখ হিসাবে উল্লেখ করতেই হয় পিয়া দান্ডিয়ার নাম। ফ্লোরিডার ২২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী কেসি আসকারকে হারিয়ে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হয়েছেন ৩৯ বছরের পিয়া। পেয়েছেন ৫১.৯ শতাংশ ভোট। তবে ওহায়োর গভর্নর নির্বাচনে জয় পাননি ট্রাম্প-ঘনিষ্ঠ রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী। তাঁকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন। রামাস্বামীর হয়ে প্রচার করেছিলেন ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। উত্তর ক্যারোলিনার চতুর্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট প্রার্থী ভ্যালেরি ফুশির কাছে পরাজিত হয়েছেন রিপাবলিকান মহেশ গণোরকরও।