


নয়াদিল্লি: এখন থেকে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজ। এবিষয়ে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করল ইরান। মঙ্গলবার একথা ঘোষণা করেন ইরানের পার্লামেন্টের এক সদস্য। জানা গিয়েছে, ভারত থেকে ওষুধ সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ করতেই এই পদক্ষেপ। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত কমিটির ডেপুটি চেয়ারম্যান আমির হায়াত-মোঘাদ্দাম বলেন, ‘ভারত, চীন, ইরাক ও কাতারকে হরমুজ প্রণালী ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়েছি। এসব দেশের জাহাজ নির্বিঘ্নে যাতায়াত করছে। আমেরিকাও কোনোরকম বাধা দেবে না।’ কেন এই সিদ্ধান্ত? আমির জানান, ইরানের স্বার্থের কথা মাথায় রেখেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, ভারত থেকে ওষুধ আনতে এই বিশেষ অনুমতি দিয়েছে প্রশাসন। অন্যদিকে, চীনের রাজনৈতিক সমর্থন আদায় করতে সেদেশের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে। বর্তমানে ভারত ও চীনা জাহাজগুলি থেকে ট্রানজিট ফি আদায় করে তেহরান। তবে কাতারকে কোনো টাকা দিতে হয় না। ইরাক এই ফি দেয় কি না সেবিষয়ে কিছু জানানো হয়নি। প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত। এরমধ্যে বর্তমানে ৩০ শতাংশ তেল আসে হরমুজ দিয়ে। এছাড়া এলপিজি, সার সহ বিভিন্ন জিনিস আসে হরমুজ দিয়ে। ইরানের এই ছাড়পত্রে পরিস্থিতির উন্নতি ঘটবে? উত্তরের অপেক্ষায় বিশেষজ্ঞ মহল।