


হায়দরাবাদ: জবলদখল রুখতে ‘হিটলারি দাওয়াই’-এর পর এবার মার্কিন লগ্নি টানতে ‘ট্রাম্প-বন্দনা’! ফের বিতর্কে তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সম্প্রতি হায়দরাবাদে উচ্ছেদ অভিযান নিয়ে তাঁর মন্তব্য ছিল, হিটলারের পছন্দের শব্দ ‘হাইড্রা’। আর এবার নিজামের শহরে আস্ত রাস্তার নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ করছেন এই কংগ্রেস নেতা। মার্কিন কনসুলেটের পাশে এই রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আগামী ২৩ জুন। তেলেঙ্গানা সরকার ব্যবসা-বাণিজ্য ও মার্কিন লগ্নি টানার যুক্তি দিলেও বিজেপির মুখ বন্ধ করা যাচ্ছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী হামেশাই অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করেছেন। সেই মন্তব্যের প্রেক্ষতেই পদ্ম শিবিরের আক্রমণ, এবার কে আত্মসমর্পণ করছে?
তেলেঙ্গানার বিজেপি সভাপতি রামচন্দ্র রাওয়ের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কংগ্রেস ভনিতা করছে। তাঁর তোপ, রেবন্ত রেড্ডি এখন হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ নামকরণ করে রাস্তার উদ্বোধন করতে চলেছেন। অথচ তাঁর নেতা রাহুল গান্ধী বলছেন, ভারত সরকার ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করেছে। রাহুল গান্ধী যা বলছেন, রেবন্তের পদক্ষেপ ঠিক তার উলটো। এখন রাহুল গান্ধীর স্পষ্ট করা উচিত, রেবন্ত রেড্ডি ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করলেন, নাকি তিনি নিজেই করেছেন!