


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অধ্যক্ষ নিয়োগের ইন্টারভিউ দিতে গিয়ে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন এক অধ্যাপক। মধ্য কলকাতার একটি কলেজের অধ্যাপক মহম্মদ সিদ্দিক হোসেন এই অভিযোগ তুলেছেন পরীক্ষা নিয়ামক সেলিম বক্স মণ্ডলের বিরুদ্ধে। ই-মেইলে অভিযোগ গিয়েছে এমপি তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপরে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জানিয়েছেন। অধ্যাপক অভিযোগ করেছেন, ইন্টারভিউ বোর্ডে থাকারই কথা নয় ওই পরীক্ষা নিয়ামকের। তা সত্ত্বেও ২১ আগস্টের ইন্টারভিউয়ে তিনি ছিলেন এবং অসংসদীয় কিছু কথা বলেছেন তাঁকে। এমনকি, তাঁকে কেটে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক তথা শাসক দলের অধ্যাপক সংগঠনের সহ-সভাপতি সেলিম বক্স মণ্ডল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘যাবতীয় তথ্য জাল করে ইন্টারভিউ দিতে এসেছিলেন অভিযোগকারী। ২০১৯ সাল থেকে অধ্যাপনা করে কীভাবে তিনি ১৫ বছর অভিজ্ঞতার দাবি করেন? এটা তো ন্যূনতম যোগ্যতার মধ্যেই পড়ে। আমার কাছে জবাব চাওয়া হলে সব তথ্য সহ জানাব।’ যদিও ওই অধ্যাপকের দাবি, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ১৩ বছর অধ্যাপনার অভিজ্ঞতা সংগ্রহ করেছেন। আর তিনি যদি যোগ্যতামানেই আটকে যান, তাহলে তাঁকে ডাকাই তো উচিত হয়নি। ডেকে অপমানের কোনও মানে নেই।