


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের প্রকাশ্যে বিজেপি গোষ্ঠী কোন্দল। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী নিয়ে সন্তুষ্ট নয় দলীয় কর্মীরাই। প্রার্থী বদলের দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ার বিজেপির জেলা পার্টি অফিসে বিক্ষোভ দলীয় কর্মীদের। এর আগে প্রার্থী নির্বাচন করা নিয়ে নিজেদের মধ্যে কোন্দল ছিল দলের অন্দরে। গতকাল প্রার্থী ঘোষণার পরই সেই ছাই চাপা আগুনে ঘি পড়লে আরও উত্তাল হয়ে ওঠে গোষ্ঠী কোন্দল। এদিনও প্রার্থী বদলের দাবিতে বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়।
আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন পরিতোষ দাস। আর তাঁকেই প্রার্থী হিসাবে মানতে নারাজ তাঁরই দলের কর্মীরা। সেই অসন্তোষে দলীয় কর্মীরা সোমবার রাতে জেলা পার্টি অফিসে ভাঙচুর চালায়। রাতে পার্টি অফিসে তালাবন্দি করে রাখা হয় দলের জেলা সভাপতি মিঠু দাসকে । পরে রাত ১১টা নাগাদ তাঁকে মুক্ত করা হয়।
প্রার্থী বদলের দাবিতে স্থানীয় কর্মীদের বিক্ষোভে আরও চাপের মুখে গেরুয়া শিবির। কর্মীরা প্রার্থী বদলের সুপারিশ পাঠাতে নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করতে থাকে। যদিও দলের রাজ্য সহ সভাপতি দীপক বর্মন বলেন, 'প্রার্থী বদলের সম্ভবনা নেই। ফলে প্রার্থী বদলের সুপারিশ পাঠানোর কোনও প্রশ্নই উঠে না'।