


সংবাদদাতা, ময়নাগুড়ি: এই বছর দুর্গাপুজোয় বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। সেই চোরবাগান কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্যই কালীপুজোর আগে বিশেষ অভিযান চালাল ময়নাগুড়ি থানা। এদিন এই বিশেষ অভিযান চালান ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস এবং ট্রাফিক ওসি হোমেশ্বর পাল।
জানা গিয়েছে, আজ ময়নাগুড়িতে কালীপুজোর মণ্ডপগুলি সঠিকভাবে নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে কিনা সেটাই দেখতে যায় পুলিশ। তাঁরা আনন্দনগরের অ্যাম্বিশন ইউনিট ক্লাবের মণ্ডপ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। যেভাবে মণ্ডপ তৈরি হচ্ছে তাতে ভিড় হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। এই কারণেই পুলিশ আনন্দনগরের এই ক্লাবের পুজো বন্ধ করে দিয়েছে। ওই ক্লাবে এবারের পুজোয় পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি ময়নাগুড়ির অন্যতম বড় জাগরণী ক্লাবের পুজো মণ্ডপও পরিদর্শন করে পুলিশ কর্তৃপক্ষ। আগামীকাল, রবিবার ইঞ্জিনিয়ার নিয়ে পুরো মণ্ডপ খতিয়ে দেখবেন বলেও তাঁরা জানান। চোরবাগান কাণ্ডের মতো আর যাতে দুর্ঘটনা না ঘটে সেই বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে।