


পাটনা, ২২ জুন: নিট(ইউজি) ২০২৬ এর পুনর্পরীক্ষাকে কেন্দ্র করে ফের বড়সড় কারচুপির ঘটনা সামনে এল বিহারে। বিহারের লখিসরাই জেলার একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সেজে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া এবং টুকলি করার অভিযোগে জেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার মোট ৩০ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদের মধ্যে ৯ জন ভুয়ো পরীক্ষার্থী রয়েছে, যারা অন্য পরীক্ষার্থীদের জায়গায় পরীক্ষা দিচ্ছিল।
লখিসরাইয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া চেকিংয়ের সময় এই জালিয়াতি ধরা পড়ে। এর মধ্যে কেআরকে হাই স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে ১ জন, কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৭ জন এবং হাসানপুর স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে ১ জন ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। অন্যের হয়ে পরীক্ষা দেওয়া ৯ জন ভুয়ো পরীক্ষার্থী ছাড়াও এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিশাল চক্রটি কীভাবে কাজ করছিল এবং এর নেপথ্যে কার হাত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন সন্দেহভাজন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। পুরো বিষয়টির ওপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন জেলাশাসক শৈলেন্দ্র কুমার এবং পুলিশ সুপার প্রেরণা কুমার। এসডিপিও শিবম কুমার জানান, 'নিট পুনর্পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ জন অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিল এবং বাকি ২১ জন এই জালিয়াতি চক্র পরিচালনার সঙ্গে যুক্ত।' তদন্তের স্বার্থে প্রশাসনের তরফে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আধিকারিকদের অনুমান, এই চক্রের জাল আরও অনেক দূর বিস্তৃত। তদন্ত শেষ হলেই এই জালিয়াতি চক্রের মূল মাথাদের নাম সামনে আসবে বলে আশাপ্রকাশ করেছে পুলিশ।