


সাংহাই: চায়না মাস্টার্সের মানসিক ধাক্কা কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ড্যানিল মেডভেডেভের। শনিবার রাতে সাংহাই মাস্টার্সে পিছিয়ে পড়েও প্রথম রাউন্ডর বাধা টপকালেন রুশ তারকা। জার্মানির ইয়ান লেনার্ডকে ৪-৬, ৬-৪, ৬-৩ সেটে হারালেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ চেকের ডালিবোর সভরচিনা। এই জয়ে উচ্ছ্বসিত মেডভেডেভের অনুরাগীরা। প্রতিযোগিতা জিতে চায়না মাস্টার্সের যোগ্য জবাব দেওয়ার আবদার তাঁদের গলায়। মাত্র পাঁচ দিন আগের ঘটনা। চায়না মাস্টার্সের শেষ চারের ম্যাচে নোভাক জকোভিচের প্রতিপক্ষ ছিলেন মেডভেডেভ। দুরন্ত লড়াই চলছিল দুই খেলোয়াড়ের। এর মাঝেই রুশ তারকার একটি অনিচ্ছাকৃত শট গ্যালারির দিকে চলে যায়। তা গিয়ে লাগে এক দর্শকের মুখে। এই অপরাধে প্রতিযোগিতা থেকে তাঁকে বের করে দেয় উদ্যোক্তারা। পাশাপাশি, অর্জিত পয়েন্ট ও পুরস্কার অর্থ কেড়ে নেওয়া হয় মেডভেডেভের থেকে। ফলে আগামী এটিপি টুর্নামেন্টের আগে বড়ো সমস্যায় পড়েন রুশ খেলোয়াড়। তবে এই ঘটনার কড়া সমালোচনা করেছে খেলোয়াড়দের একাংশ।