


বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত মণিপুর। এবার প্রাণ গেল ১৭ বছরের এক কিশোরের। সোমবার তামেংলং জেলার তামেইয়ের কাছে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সেখানেই এক নাগা কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম এনকে উইফেনবৌ। সে তামেই মহকুমার তাকৌ নাগা গ্রামের বাসিন্দা ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরের প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ উইফেনবৌ তাকৌ থেকে তামেইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় একাই ছিল সে। আচমকা তার উপর হামলা চালানো হয়। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, এদিনের অতর্কিত হামলার পিছনেও কুকি সশস্ত্র জঙ্গিরা রয়েছে। তামেংলং, কাংপোকপি ও সংলগ্ন এলাকাগুলিতে বর্তমানে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘাতের একাধিক ঘটনায় উত্তপ্ত। তার মধ্যে এই ঘটনায় উত্তেজনা আরও বাড়বে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই ঘটনার পর আপার তাকৌ-মালেক-তামেই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে ফের নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।