


সংবাদদাতা, শিলিগুড়ি: অনুমতি ছাড়া লেকচার থিয়েটার হলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করায় এক ইন্টার্নকে শোকজ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজ, বুধবার তুলকালাম হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চত্বর। সূত্র মারফত জানা গিয়েছে, সানি মান্না নামের এক ইন্টার্নকে এদিন ডিন ডাঃ অনুপমনাথ গুপ্তা শোকজ করেন। তিনি, ওই ছাত্রের কাছে জানতে চান তাঁর অনুমতি ছাড়া কেন ওই লেকচার থিয়েটার খোলা হয় এবং সেখানে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রদের একাংশ। এদিন বিকেল থেকেই ডিনকে ঘেরাও করে রাখেন ছাত্ররা। গোটা বিষয় নিয়ে ডিন ডাঃ অনুপমনাথ গুপ্তা বলেন, লেকচার থিয়েটার অ্যাকাডেমিক বিষয়ের জন্য ব্যবহৃত হয়। সেখানে খেলা দেখার আয়োজন মেনে নেওয়া যায় না। খেলা দেখার জন্য আরও অনেক মাল্টিপারপাস হল রয়েছে। উত্তরণও রয়েছে। তারা সেখানেই খেলা দেখতে পারত। আর লেকচার থিয়েটারে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় নোংরা আবর্জনায় ভরে গিয়েছে গোটা হল। তা পরিষ্কার করাও কষ্টকর। সে কারণেই ওই ইন্টার্নের কাছে আমি জানতে চেয়েছিলাম কার অনুমতিতে এই লেকচার থিয়েটার হল খুলেছিল। যদিও ডিনের এই বক্তব্য মানতে নারাজ অভিযুক্ত সানি মান্না ও তাঁর বন্ধুরা। সানি বলেন, ভারত-নিউজিল্যান্ড ফাইনাল খেলা দেখার জন্য ডিনের কাছে অনুমতি চেয়ে পাইনি। তারপরে কলেজের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহার সঙ্গে যোগাযোগ করি। ফোনেই তিনি গার্ডকে সব নির্দেশ দেন ও আমাদের এই হল খুলে দিয়ে খেলা দেখার ব্যবস্থা করে দেন। এখন আমি বুঝতে পারছি না কেন আমাকেই একা শোকজ করা হল? এই বিষয়ে এদিন ডিনের পদত্যাগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চত্বরে।