


কলকাতা, ২১ সেপ্টেম্বর: দুই বাড়ির পাঁচিলের মাঝে আবর্জনা থাকলে দুটি বাড়িতেই পেনাল্টি, সাফ জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "ওই ১০০ বা ২০০ টাকা পেনাল্টি করব না, চিন্তা করবেন না। বেশ ভালো অঙ্কের পেনাল্টি করা হবে।" সোমবার সকালে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচারে এমনটাই বললেন তিনি।
পুজোর আগে প্রতি বছর রাজ্যজুড়ে বাড়ে ডেঙ্গি উদ্বেগ। তা ঠেকাতে এবার রাস্তায় নেমে সচেতনতা প্রচারে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ, সোমবার মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডে।
মন্ত্রী বলেন, "প্রতিদিন সকাল ৬টায় সাফাইকর্মীরা যান। তাঁদের হাতে না দিয়ে পাড়ার মোড়ে কেন বাড়ির ময়লা ফেলছেন?" এতে ডেঙ্গির প্রবণতা বাড়তে পারে বলে জানান অগ্নিমিত্রা। তিনি বলেন, "আপনারা তো শিক্ষিত মানুষ, কেন এমন করছেন?" এছাড়াও তিনি যোগ করেন, "ডেঙ্গির মশা জানবে না যে আপনার বাড়ির লোককে কামড়াতে নেই আর অন্যের বাড়ির লোককে কামড়াতে হবে। তাই একটু সতর্ক থাকুন।"
এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে জানান কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডে। তিনি আরও বলেন, "বাড়ি পরিষ্কার কর্পোরেশন করে দেবে না। নিজের বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে।"