


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসব মানেই কেনাকাটার ধুম। অনলাইনে হোক বা দোকানে, চারদিকে ছাড়, সীমিত সময়ের সেল আর ক্যাশব্যাকের হাতছানি। এই মরশুমে নিরাপদে লেনদেনের জন্য কয়েকটি সতর্ক পদক্ষেপের কথা মনে করাচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। তারা বলছে, সবার আগে শুধুমাত্র অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইট থেকেই কেনাকাটা করা উচিত। কারণ বিক্রির মরশুমে প্রতারকরা আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল ওয়েবসাইট আর লিঙ্ক তৈরি করে, যার উদ্দেশ্য ব্যক্তিগত ও পেমেন্টের তথ্য চুরি করা। তাই অচেনা সূত্র থেকে আসা লিঙ্কে ক্লিক করা বা উৎসবের অফার ও শুভেচ্ছা কার্ডের নামে কোনো ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। বরং নিজে ঠিকানা টাইপ করে ঢুকতে হবে অথবা অফিশিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে, কারণ ওইসব লিঙ্ক বা ফাইলের আড়ালে থাকতে পারে প্রতারণার ওয়েবসাইট বা ক্ষতিকর সফটওয়্যার, যা ফোনেরও ক্ষতি করতে পারে। দ্বিতীয়ত, পেমেন্ট সবসময় সেই প্ল্যাটফর্মের ভিতরেই শেষ করতে হবে।
অনেক প্রতারণায় কেনাকাটার অ্যাপ বা ওয়েবসাইটের বাইরে কোনো ইউপিআই আইডি বা লিঙ্কে টাকা পাঠাতে বলা হয়, যাতে নিরাপত্তা পরীক্ষা এড়ানো যায়। এই ফাঁদ এড়াতে সবসময় অফিশিয়াল চেকআউট পেজেই লেনদেন শেষ করা এবং বিক্রেতার বিবরণ যাচাই করে নেওয়া জরুরি বলে জানিয়েছে সংস্থা। তৃতীয়ত, বিনামূল্যের ভাউচার আর ক্যাশব্যাকের প্রতিশ্রুতিতে ভুললে চলবে না। পুরস্কার, ক্যাশব্যাক বা উৎসবের উপহারের নামে আসা মেসেজে অনেকসময় ওটিপি, অ্যাকাউন্টের তথ্য বা সামান্য ফি চাওয়া হয়।
এনপিসিআইয়ের বক্তব্য, আসল অফারে কখনো এই ধরনের গোপন তথ্য বা আগাম টাকা লাগে না। তাই অজানা মেসেজের ভিত্তিতে কোনো তথ্য দেওয়া বা টাকা দেওয়া ঠিক হবে না। অফারটি সরাসরি অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিতে হবে। চতুর্থত, হঠাৎ আসা ওটিপি কেউ চাইলে, সতর্ক সংকেত হিসেবে ধরতে হবে। কিছু মেসেজে বলা হয় পেমেন্ট ব্যর্থ হয়েছে বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, সমস্যা ঠিক করতে ওটিপি লাগবে। এক্ষেত্রে সাবধান হওয়া জরুরি। ব্যাংক বা পেমেন্ট অ্যাপ কখনো ফোন বা মেসেজে ওটিপি চায় না। তাই ব্যাংকের লোক পরিচয় দিলেও কাউকে ওটিপি দেওয়া যাবে না।
আর সবশেষে, চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রতারকরা প্রায়ই বলে, অফার এখনই শেষ হয়ে যাবে বা এখনই ব্যবস্থা না নিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আসল প্ল্যাটফর্ম কখনো ভয় দেখিয়ে বা তাড়াহুড়ো করে কাজ করায় না। তাই উত্তর দেওয়ার আগে একটু থেমে অফিশিয়াল অ্যাপ, ওয়েবসাইট বা গ্রাহক পরিষেবা থেকে যাচাই করে নেওয়াই নিরাপদ।