


নয়াদিল্লি: অপারেশন সিন্ধুর মাধ্যমে ইরান ও ইজরায়েল থেকে ৪ হাজার ৪০০ মানুষকে ফিরিয়ে আনা হয়েছে। জানাল বিদেশ মন্ত্রক। ইরান-ইজরায়েল সংঘাতের পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য। তারই প্রেক্ষিতে দুই দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ১৮ জুন অপারেশন সিন্ধুর ঘোষণা করা হয়েছিল। ভারতের পাশাপাশি উদ্ধার করা হয় নেপাল, শ্রীলঙ্কার নাগরিকদেরও।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অপারেশন সিন্ধুতে মোট ৪ হাজার ৪২৫ জন ভারতীয়কে ফেরানো হয়েছে। যাদের মধ্যে ৩ হাজার ৫৯৭ জন আটকে ছিলেন ইরানে। ৮১৮ জন ছিলেন ইজরায়েলে। এখনও পর্যন্ত মোট ১৯টি বিমানে ফেরানো হয়েছে আটকে পড়া নাগরিকদের। যাদের মধ্যে ৩টি ভারতীয় বায়ুসেনার। ভারতীয় নাগরিক ছাড়াও ১৪ জন প্রবাসী ভারতীয়(ওসিআই কার্ড হোল্ডার), ৯ জন নেপালি, ৪ জন শ্রীলঙ্কার ও ১ জন ইরানের নাগরিককেও ফেরানো হয়েছে। ওই ইরানি এক ভারতীয় নাগরিকের স্ত্রী। এই প্রসঙ্গে মিশর, জর্ডানকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবারও আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে ইরানে আটতে পড়া ১৭৩ ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ইরান-ইজরায়েল সংঘর্ষে ইতিমধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে। দু’দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত যা করবার করবে। পাশাপাশি বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান-ইজরায়েলের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অপারেশন সিন্ধু আগামী দিনে চালু থাকবে কিনা তা নির্ভর করছে দুই দেশের পরিস্থিতির ওপর।