


নয়াদিল্লি: অশান্তির আগুনে বিধ্বস্ত ইরান-ইজরায়েল। এরই মধ্যে বহু ভারতীয় পড়ুয়ারা আটকে রয়েছেন ইরানে। তাঁদের ফিরিয়ে আনতে ইতিমধ্যেই অপারেশন সিন্ধু চালু করেছে ভারত সরকার। এর আওতায় ভারতের জন্য আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। যার ফলে আগামী ২ দিনে বিশেষ বিমানে করে ভারতে আসছেন প্রায় ১ হাজার জন ভারতীয় পড়ুয়া।
যার মধ্যে আজ, শুক্রবার রাতেই ১১টার কিছুটা পড়ে ইরানের মাসহাদ থেকে প্রথম ফ্লাইট অবতরণ করে নয়াদিল্লিতে। সেই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয় পড়ুয়া। এরপর আগামী কাল, শনিবার সকাল ও সন্ধ্যায় আরও ২টি বিশেষ বিমান আসার কথা রয়েছে ইরান থেকে। জানা গিয়েছে, ইজরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য নোটাম জারি করে ইরান আকাশসীমা বন্ধ রাখলেও, মানবিকতার খাতিরে শুধুমাত্র বিশেষ ভারতীয় বিমানের জন্য এই করিডর তৈরি করা হয়েছে। যাতে রয়েছেন ভারতীয় পড়ুয়ারা।
ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ইরানে পরিস্থিতি উত্তপ্ত হতেই প্রথম পর্যায়ে উত্তর ইরানের ১১০ জন ছাত্র–ছাত্রীকে আর্মেনিয়া সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদেরকে ভারতেও আনা হয়। তবে এখনও প্রায় ৪ হাজার ভারতীয় নাগরিক ইরানে আটকে রয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই আবার পড়ুয়া। যাঁদের মধ্যে বেশিরভাগের বাড়ি জম্মু ও কাশ্মীরে। এমতাবস্থায় ভারতের অপারেশন সিন্ধু ও তাতে ইরানের সহযোগিতা আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হচ্ছে।