


নয়াদিল্লি: দু’দেশের মধ্যে উত্তেজনার আবহেই মঙ্গলবার দিল্লির পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক আধিকারিককে বহিষ্কার করল ভারত। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পাক হাই কমিশনের ওই আধিকারিকের গতিবিধি তাঁর সরকারি কাজকর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাক কূটনীতিককে (চার্জ ডি’ অ্যাফেসার্স) এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও একটি সরকারি সূত্রের খবর, বহিষ্কৃত ওই পাক আধিকারিক আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ। সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য দিল্লির পাক দূতাবাসে পাচারের অভিযোগে সম্প্রতি দু’জনকে গ্রেপ্তার করেছিল পাঞ্জাব পুলিস। সেই মামলার তদন্তের সূত্র ধরেই এবার পাক হাই কমিশনের আধিকারিককে বহিষ্কার করল ভারত। অন্যদিকে, একই অভিযোগে এক ভারতীয় কূটনীতিককেও ইসলামাবাদ বহিষ্কার করেছে।