


পাটনা, ৮ এপ্রিল: বোর্ডিং স্কুলে শিশুকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। মৃতের নাম আশু শর্মা। এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে পাটনা থেকে ৫০ কিমি দূরে জাহানাবাদের একটি বোর্ডিং স্কুলে। পরিবার সূত্রে খবর, গত ১ এপ্রিল শিশুটিকে বিহারের ওই হস্টেলে ভর্তি করেছিলেন তাঁরা। এরপর গত ৬ এপ্রিল শিশুটির বাবা অজয় শর্মাকে বোর্ডিং স্কুল থেকে ফোন করা হয়। জানানো হয়, তাঁদের ছেলে গুরুতর অসুস্থ। ভর্তি রয়েছে হাসপাতালে। তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তাঁরা। গিয়ে দেখেন ভয়াবহ দৃশ্য। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। তাঁর গলায় গভীর ক্ষত। যৌনাঙ্গ বিচ্ছিন্ন। ধারাল অস্ত্রের আঘাতে গোটা শরীরই ক্ষতবিক্ষত। চিকিৎসকদের পরামর্শ মতো নামী বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শিশুটিকে। আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার পরই বোর্ডিং কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। অভিযোগ, যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন করা হয়েছে শিশুটিকে। ঘটনার দিন ওই হস্টেলে ছিল শিশুটির বড় দাদা রিশু। সে জানিয়েছে, ঘটনার রাতে আশুকে নিজের ঘরে শুতে নিয়ে গিয়েছিল ওই বোর্ডিংয়ের প্রিন্সিপাল তরুণ কুমার। তারপর দিনই সকালেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয়েছিল আশু। এরপর অভিযুক্ত বোর্ডিংয়ের প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্ত তরুণকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে রুজু করা হয়েছে ধর্ষণ ও খুনের মামলা। অন্যদিকে, এই বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। দোষীদের গ্রেপ্তারির দাবিতে দীর্ঘক্ষণ পাটনা-গয়া সড়ক অবরোধ করা হয়।