


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া শহর শনিবার অভিষেকময় দিন হয়ে কাটল। দুপুরে বালিতে জমজমাট সভা। তারপর সন্ধ্যায় উত্তর হাওড়ায় মেগা রোড শো। এই দুই বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালির অ্যাথলেটিক ক্লাব ময়দানে জনসভায় দাঁড়িয়ে তিনি ‘স্বপ্নের বালি’ গড়ার রূপরেখা তুলে ধরেন। তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রকে পাশে নিয়ে ডায়মন্ড হারবার মডেলে বালিকে গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি বিধানসভা ভোটের ছ’মাসের মধ্যে পুরসভা নির্বাচনের প্রতিশ্রুতি দেন।
অভিষেকের সভায় উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার গৌতম চৌধুরী, দক্ষিণ হাওড়ার নন্দিতা চৌধুরী ও ডোমজুড়ের তাপস মাইতি। প্রায় ৪৪ মিনিট ঝাঁঝালো বক্তৃতা করেন অভিষেক। বলেন, ‘হাওড়ার মাটি তৃণমূলের জন্য শুভ ও পয়া। কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে প্রশাসনের কেন্দ্র নবান্নে নিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাচ্ছেন। এটা তৃণমূলের বড়ো সাফল্য।’ এরপর দলের সাধারণ কর্মী হয়েও প্রার্থীপদ পাওয়ার আগে কৈলাস মিশ্র কীভাবে বালির উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়েছেন সে কথা তুলে ধরেন। বালির উন্নয়ন প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এখানে নিকাশির দীর্ঘদিনের সমস্যা। আরবান পথশ্রী প্রকল্পে যতটা সম্ভব রাস্তার কাজ করেছি। সেবাশ্রয় হয়েছে, ডায়মন্ডহারবার মডেল ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। আগামী দিনে আপনাদের স্বপ্নের বালি তৈরি করার দায়িত্ব আমার।’ এরপর নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়নের প্রসঙ্গ টেনে যোগ করেন, ‘ডায়মন্ডহারবারে আমি যেভাবে উন্নয়নের জোয়ার এনেছি বালিতেও তার অন্যথা হবে না।’
এছাড়া পুরসভা নির্বাচন নিয়ে অভিষেক বলেন, ‘দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটের কারণে নির্বাচন হয়নি। রাজ্যপালের ভূমিকার কথাও আপনারা জানেন। কথা দিচ্ছি, বিধানসভা ভোটের পর ছ’মাসের মধ্যে এখানে পুরসভা নির্বাচন হবে।’ তারপর তাঁর আহ্বান, ‘কৈলাসকে অন্তত ২৫ হাজার ভোটে জেতান। বালির রাশ আমার হাতে থাকবে।’ এরপর বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করে অভিষেকের কটাক্ষ, ‘এখানকার প্রার্থী বহিরাগত, মধ্য হাওড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০২১ সালে অরূপ রায়ের বিরুদ্ধে ৪৬ হাজার ভোটে হেরেছিলেন। চৈত্র সেলের জামাকাপড়ের মতো জোর করে বিক্রি করাতে চাইছে বিজেপি। একবার হেরেছেন, এবারও হারবেন। দু’বার ফেল করা এই স্টুডেন্টকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে।’
বালির হাউজফুল সভা শেষে উত্তর হাওড়ায় গৌতম চৌধুরীর সমর্থনে অভিষেক যান রোড শো করতে। সেখানেও উপচে পড়া ভিড়। বাবুডাঙা মোড় থেকে পিলখানা মোড় পর্যন্ত রাস্তাজুড়ে জনস্রোত। স্থানীয় বাসিন্দারা পর্যন্ত রোড শোয়ের বহরে অবাক। অনেকে বললেন, ‘মোদিকে এনে চমক দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু অভিষেকের প্রচার ঘিরে জনসমর্থন বিজেপির সব কৌশল ভেঙে
দিয়েছে।’