


সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার কোতুলপুরের চৌরাস্তা মোড় এলাকায় দিলীপ ঘোষ আসতেই বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের স্লোগানযুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এদিন চৌরাস্তা মোড়ে দিলীপ ঘোষকে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। আর তা দেখেই বিজেপির কোতুলপুর মণ্ডল সভাপতি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে কার্যত তেড়ে আসেন। বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ চলে। পরে বিজেপি কর্মীরা দিলীপবাবুর কর্মসূচিতে মিশে যান।
এদিন দিলীপবাবু বলেন, আমার জনপ্রিয়তা রয়েছে। তাই আমি যেখানেই যাই মানুষের মধ্যে আলাদা উৎসাহ তৈরি হয়। ওরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। আমরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছি। এদিন দলীয় কর্মসূচি থেকে বেরিয়ে গিয়ে স্লোগান দেওয়া তৃণমূলের কর্মীদের দিকে তেড়ে যান বিজেপির কোতুলপুর মণ্ডল সভাপতি কেশবি নাগা। এপ্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কর্মীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে পণ্ড করার চেষ্টা করেছিলেন। আমরা ওঁদের মুখোমুখি গিয়ে তারই প্রতিবাদ করেছি।
দিলীপবাবুকে দেখে স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, আমি বাংলার নাগরিক। তাই বাংলার নামে জয়ধ্বনি দিয়েছি। ওঁরা বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় পান। তাই ‘জয় বাংলা’ বললেই ওঁদের গায়ে জ্বালা ধরছে।
এব্যাপারে কোতুলপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের হরকালী প্রতিহার বলেন, বিজেপি সাধারণ মানুষের হকের টাকা আটকে রেখে ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে। আর আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। তাই সাধারণ মানুষ বাংলার নামে জয়ধ্বনি দিচ্ছে। সাধারণ মানুষ বিজেপির পাশে নেই। সেই আক্রোশে ওরা তেড়ে আসছে। কিন্তু সাধারণ মানুষ ওদের ভয় পায় না। শুধু ভোটের সময় ওদের নেতাদের দেখা যায়। আজ দিলীপবাবু এসেছেন। এরপর দিল্লির নেতারা আসবেন। তাঁদেরও মানুষ কালো পতাকা দেখাবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনসংযোগ বাড়াতে কয়েকদিন আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বাঁকুড়ায় আসেন। বাঁকুড়া সাংগঠনিক জেলায় দু’দিন ধরে বিভিন্ন বাড়িতে, চায়ের দোকানে সম্পর্ক অভিযান চালান। বুধবার থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় তিনি একই কর্মসূচি করেন। ওইদিন ওন্দার রামসাগর এবং বিষ্ণুপুরের মড়ার এলাকায় জনসংযোগ কর্মসূচি সারেন। বৃহস্পতিবার সকালে প্রথমে বিষ্ণুপুরের প্রকাশঘাটে যান। সেখানে চায়ের দোকানে জনসংযোগ সারেন। এরপর জয়পুর হয়ে কোতুলপুরে যান। কোতুলপুরে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দেওয়া লিফলেট বিলি করেন। চৌরাস্তায় যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী দিলীপবাবুকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন। তা দেখে বিজেপির কোতুলপুর মণ্ডল সভাপতি তৃণমূল কর্মীদের দিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে কার্যত তেড়ে আসেন। বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের স্লোগান যুদ্ধ চলে। তাতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে অবশ্য বিজেপি কর্মীরা দিলীপবাবুর সঙ্গে দলীয় কর্মসূচিতে ভিড়ে যান। -নিজস্ব চিত্র