


মস্কো: চার বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ক্ষমতায় আসার পর সংঘাত বন্ধ নিয়ে উদ্যোগ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনও পর্যন্ত সাফল্য অধরা। এবার আঙ্কায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভোলোদামির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বললেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের জন্য সমাধান সূত্র খুঁজতে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। রবিবার ক্রেমলিনের আধিকারিক ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিনের সঙ্গে ট্রাম্পের দেড় ঘণ্টা কথা হয়েছে। যুদ্ধ বন্ধের সমাধানসূত্র খুঁজতে প্রয়োজনে স্টিভ উইটকফ ও জারেড কুশনেরকে ওয়াশিংটনের দূত হিসাবে রাশিয়ায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এব্যাপারে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেন পুতিন। একইসঙ্গে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বাস্তব চিত্রও তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট।
সম্প্রতি রাশিয়ার একাধিক তেল ভাণ্ডারে ড্রোন ও ক্ষেুপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। এর জেরে বিভিন্ন রুশ অঞ্চলে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রসঙ্গ তুলে ধরে উশাকভের দাবি, ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্র দেশগুলিই যুদ্ধ দীর্ঘায়িত করছে। সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তারা। ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, ইতিবাচক আলোচনা হয়েছে। যুদ্ধ থামানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে মার্কিন হস্তক্ষেপ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।