


নয়াদিল্লি: মায়ানমারে উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট) ঘাঁটিতে ড্রোন হামলা হল। এই হামলায় জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় তিন কমান্ডার সহ মোট ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আরও ১৯ জন জখম হয়েছেন। গুঁড়িয়ে গিয়েছে জঙ্গিদের ক্যাম্পও। জঙ্গি সংগঠনের দাবি, ভারতীয় সেনা এই হামলা চালিয়েছে। যদিও তা অস্বীকার করেছে ভারতীয় সেনা।
রবিবার সকালে উলফা-আই সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাত দু’টো থেকে চারটের মধ্যে মায়ানমার সীমান্ত পেরিয়ে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনার অন্তত ১৫০টি ড্রোন। নাগাল্যান্ড-মায়ানমার সীমান্তের কাছে লংওয়া থেকে অরুণাচলের পাংসাই পাস পর্যন্ত এলাকায় হামলা চালানো হয়েছে। মৃত্যু হয়েছে উলফা-আইয়ের তিন কমান্ডার নয়ন অসম, গণেশ অসম এবং প্রদীপ অসমের। এছাড়াও নিহতদের মধ্যে মণিপুরের জঙ্গি সংগঠন আরপিএফ এবং পিপলস লিবারেশন আর্মির কমান্ডারও রয়েছে। যদিও হামলার বিষয়টি অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদরদপ্তর। এধরনের অপারেশনের কোনও তথ্য ভারতীয় সেনার কাছে নেই বলে জানিয়েছেন গুয়াহাটিতে ভারতীয় সেনার পিআরও লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত। প্রসঙ্গত, উলফার একটি বড় অংশ ভারতের সঙ্গে শান্তিচুক্তি করলেও পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীটি ভারতের বিরুদ্ধে নাশকতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এই গোষ্ঠীর সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।