


নয়াদিল্লি: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ভুগছে বিশ্বের একাধিক দেশ। পশ্চিম এশিয়া উত্তপ্ত থাকায় শ্রীলঙ্কায় তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এহেন কঠিন পরিস্থিতিতে বন্ধু দেশের পাশে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রটিকে ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি দিল নয়াদিল্লি। শনিবার কলম্বোর বন্দরে পৌঁছে গিয়েছে পেট্রল (১৮ হাজার মেট্রিক টন), ডিজেল (২০ হাজার মেট্রিক টন)। বিপদের মুহূর্তে এই সাহায্য পেয়ে মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সে দেশের প্রশাসন।
সাধারণত পশ্চিম এশিয়া ও সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল আমদানি করে শ্রীলঙ্কা। যুদ্ধ পরিস্থিতিতে ব্যাহত হয়েছে সেই প্রক্রিয়া। ফলে দেশে জ্বালানির সংকট দেখা গিয়েছে। সম্প্রতি সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিসানায়েকে। তারপরেই কলম্বোয় ডিজেল ও পেট্রলবাহী জাহাজ পাঠাল নয়াদিল্লি। সাহায্যের জন্য ভারতের প্রশংসা করেছেন করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। রবিবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে শ্রীলঙ্কায় তেল সরবরাহ ব্যাহত হয়েছে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি জানিয়েছিলাম। দ্রুত সাহায্য পাঠানোর জন্য ভারতের কাছে কৃতজ্ঞ।’