


কলম্বো: শ্রীলঙ্কা ক্রিকেটে ফের অচলাবস্থা। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা পদত্যাগ করেছেন মঙ্গলবার। সংস্থা পরিচালনার দায়িত্ব এখন সরকারের হাতে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোপের মুখে পড়তে পারে শ্রীলঙ্কা বোর্ড।
মনে করা হচ্ছে, সরকারি নির্দেশেই বোর্ড প্রেসিডেন্ট শাম্মির এই পদত্যাগ। তিনি ভেঙে দিয়েছেন পরিচালন বোর্ডও। ফলে অন্য পদাধিকারীরাও ছেড়েছেন পদ। উল্লেখ্য, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে বৈঠকে বসেছিলেন শাম্মির সঙ্গে। সেখানেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ বোর্ড ভেঙে দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি, এনটাই ধারণা ক্রিকেট মহলের। ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এক বিবৃতিতে বলেছেন, ‘এখন থেকে শাম্মির হাতে থাকা সমস্ত ক্ষমতা এবং শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসনিক যাবতীয় কর্মকাণ্ড সরকারই চালাবে।’ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে। সেটাই শ্রীলঙ্কা ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করা ও গঠনগত সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। গত মার্চ থেকেই অবশ্য ক্রিকেটারদের ক্রমাগত অভিযোগের নিরিখে শাম্মিকে সরানোর কথা ভাবছিল সরকার।
২০১৯ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তিনি। ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডন্টও ছিলেন শাম্মি।