


ব্রাইটন- ২ : লিভারপুল- ১
বোর্নমাউথ- ২ : ম্যান ইউ- ২
লন্ডন: প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেল লিভারপুল। গত ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে ড্রয়ের পর শনিবার অ্যাওয়ে ম্যাচে ব্রাইটনের কাছে ১-২ ব্যবধানে বশ মানল আর্নে স্লট ব্রিগেড। বিজয়ী দলের হয়ে জোড়া গোল ড্যানি ওয়েলব্যাকের। লিভারপুলের একমাত্র গোলদাতা মিলোস কেরকেজ। উল্লেখ্য, চোটের কারণে এদিন মো সালাহ ও গোলরক্ষক আলিসনকে ছাড়াই দল সাজাতে হয়েছিল স্লটকে। এই হারের ফলে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্টেই দাঁড়িয়ে রইল দ্য রেডস।
এদিকে, অ্যাওয়ে ম্যাচে দু’বার লিড নিয়েও জিততে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার বোর্নমাউথের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে রেড ডেভিলস। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ। তবে ছ’মিনিটের মধ্যেই রায়ান ক্রিস্টির গোলে ম্যাচে সমতায় ফেরে বোর্নমাউথ। এরপর ৭১ মিনিটে ফের লিড নেয় ম্যান ইউ। এবার কর্নার থেকে ব্রুনোর ভাসানো সেন্টার প্রতিপক্ষ ডিফেন্ডার হিলের মাথায় লেগে জালে জড়ায়। তবে ৯৭ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে লাল কার্ড দেখেন ম্যাগুইরে। পেনাল্টি পায় বোর্নমাউথ, যা থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি এলি জুনিয়র ক্রৌপির। ড্র করলেও ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যান ইউ। অপর ম্যাচে চেলসিকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করল এভার্টন। জোড়া গোলে নায়ক বেটো। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ইলিমান এনদিয়ায়ে।