


লিঙ্কন: প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না দুই ওপেনার। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ফের হতাশ করলেন লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। রবিবার, ম্যাচের দ্বিতীয় দিনে ভারত ‘এ’ দলের দুই ওপেনারের সংগ্রহ যথাক্রমে ৪ ও ৫। হিট উইকেট হন রাহুল। প্রথম ইনিংসে রাহুল ও যশস্বী করেছিলেন ০ ও ১৭। টেস্ট সিরিজের আগে কিউয়ি কন্ডিশনে দুই ওপেনারের ব্যর্থতা চিন্তায় রাখছে ক্রিকেটপ্রেমীদের। তবে দ্বিতীয় ইনিংসে ভারত ‘এ’ দলের হয়ে লড়ছেন দেবদত্ত পাদিক্কাল (৫৬ ব্যাটিং) ও সাই সুদর্শন (৩৯ ব্যাটিং)। ১০ রানে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৯৬। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর আপাতত ১০৬-২। এখনও নিউজিল্যান্ড ‘এ’ দল ৯৮ রানে এগিয়ে। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩১৭ রানে। অংশুল কম্বোজ (৩-৫২), আকিব নবি (৩-৬৯), আকাশ দীপ (২-৫৭), ওয়াশিংটন সুন্দর (১-২৯), মুকেশ চৌধুরি (১-৬৭) উইকেট ভাগ করে নেন। তবে যেভাবে বোলাররা অতিরিক্ত হিসাবে ৪৬ রান দিয়েছেন, তা চিন্তার।