


ম্যাঞ্চেস্টার: ইপিএলে ধুঁকতে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে দুরন্ত ছন্দে। বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে পিছিয়ে পড়েও অ্যাথলেতিক বিলবাওকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রুবেন আমোরিমের দল। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে জিতে ফাইনালে রেড ডেভিলসরা। আগামী ২২ মে স্পেনের বিলবাওয়ে খেতাবি লড়াইয়ে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম। সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে তারা বোডো গ্লিমটকে ৫-১ ব্যবধানে হারিয়েছে।
২০১৩ সালে শেষবার প্রিমিয়ার লিগ জেতে ম্যান ইউ। আর ইউরোপা লিগ ২০১৬-১৭ মরশুমে। তারপর ওল্ড ট্রাফোর্ডের অনুরাগীদের কপালে জুটেছে শুধুই হতাশা। তবে নতুন কোচ রুবেন আমোরিম ফের স্বপ্ন দেখাচ্ছে রেড ডেভিলসদের সমর্থকদের। সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ জয়ের পরই কার্যত ফাইনালের ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছিলেন ব্রুনো ফার্নান্ডেজরা। তবে বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে ৩০ মিনিটে লিড নিয়ে ওল্ড ট্রাফোর্ড স্তব্ধ করে দিয়েছিল অ্যাথলেটিক বিলবাও। গোলদাতা মিকেল জারোজাইজার। এরপর ৭১ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে স্পেনের ক্লাবটি। তবে ৭২ মিনিটে ম্যাসন মাউন্ট সমতায় ফেরান আমোরিমের দলকে। ইরোর পাস ধরে দুরন্ত টার্ন নিয়ে বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান তরুণ মিডিও (১-১)। সাত মিনিট পর ফ্রি-কিক থেকে ব্রুনো ভাসানো বল কাসেমিরোর কাঁধে লেগে জালে জড়ায় (২-১)। এই পর্বে ম্যান ইউয়ের অহরহ আক্রমণে খেই হারিয়ে ফেলে অ্যাথলেটিক বিলবাওয়ের রক্ষণ। তারই সুযোগে ৮৫ মিনিটে আমাদের সাজিয়ে দেওয়া বল জালে ঠেলে ৩-১ করেন হয়ল্যান্ড। আর সংযোজিত সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মাউন্ট (৪-১)।
এদিকে, অপর সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বোডো গ্লিমটকে ৩-১ ব্যবধানে বশ মানায় টটেনহ্যাম। আর ফিরতি লিগেও তারা ২-০ ব্যবধানে সহজ জয় পেয়েছে। ইংলিশ ক্লাবটির দুই গোলদাতা যথাক্রমে ডমিনিক সোলাঙ্কে ও পেড্রো পোরো।