


কাঠমাণ্ডু: ‘জেন জি’ বিক্ষোভের জেরে নেপালে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী কে পি ওলি। তবে বহাল তবিয়তে রয়ে গিয়েছে ওলি জমানার একটি বিতর্কিত সিদ্ধান্ত। ভারতীয় ভূখণ্ড কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের দাবি করে ২০২০ সালে মানচিত্র প্রকাশ করেছিল নেপাল সরকার। এবার সেই এলাকাগুলিকে নিজেদের দেখিয়ে ১০০ টাকার নোট প্রকাশ করল নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংক (এনআরবি)। বৃহস্পতিবারের প্রকাশিত নোটে এই এলাকাগুলিকে ‘ভারতের কৃত্রিম সম্প্রসারণ’ বলে উল্লেখ করা হয়েছে। এনআরবির জারি করা এই নোটে স্বাক্ষর রয়েছে আগের গভর্নর মহাপ্রসাদ অধিকারীর।
নেপালে ১০, ৫০, ১০০, ৫০০ এবং হাজার টাকার নোট চালু রয়েছে। এরমধ্যে কেবল ১০০ টাকার নোটেই রয়েছে নেপালের মানচিত্র। হিমালয়ের কোলের এই দেশে বছর গণনা হয় বিক্রম সম্বৎ (বিএস) অনুযায়ী। মনে করা হয়, পৌরাণিক রাজা বিক্রমাদিত্য এই বছর গণনা শুরু করেছিলেন। সেইমতো ১০০-র নোটে উল্লেখ করা হয়েছে ২০৮১ বিএস। এর অর্থ, বৃহস্পতিবার এই নোট প্রকাশ্যে এলেও ২০২৪ সাল থেকে তার মেয়াদ শুরু। মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হতেই সাফাই গেয়েছে এনআরবি। জানানো হয়েছে, আগে থেকেই ১০০-র নোটে এই মানচিত্র ছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেটিই আবার ছাপা হয়েছে।
২০২০ সালে ভারতীয় ভূখণ্ড কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরকে নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ করেছিল চীনপন্থী ওলির সরকার। সেবার তীব্র প্রতিক্রিয়া দিয়েছিল ভারত। নয়াদিল্লির তরফে সাফ জানানো হয়, এই জায়গাগুলি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। নেপালের একতরফা ‘ভূখণ্ড সম্প্রসারণ’-এর ঘোষণা মেনে নেওয়া যায় না।