


ব্রিসবেন: ৫ রানে ২ উইকেট থেকে দিনের শেষে ৩২৫/৯। গোলাপি টেস্টে যথেষ্ট স্বস্তিতে ইংল্যান্ড। দিনরাতের টেস্টে ইংরেজদের রেকর্ড ভালো নয়। তার উপর পারথে হেরে সিরিজে পিছিয়ে পড়া। প্রবল চাপ নিয়েই গাব্বায় গোলাপি টেস্ট খেলতে নেমেছেন বেন স্টোকসরা। তবে জো রুটের দুরন্ত শতরানের উপর ভর করে ইংল্যান্ড লড়াইয়ের পুঁজি জোগাড় করে নিয়েছে। দিনের শেষে অরাজিত ১৩৫ রানে মাঠ ছাড়েন তিনি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইরেজদের। মাত্র ৫ রানের মধ্যে ড্রেসিং-রুমে ফেরেন বেন ডাকেট ও ওলি পোপ। দু’টি উইকেটই নেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে যাঁর ঝুলিতে ইতিমধ্যেই জমা পড়েছে ৬ উইকেট। তবে প্রাথমিক ধাক্কা সামলে জ্যাক ক্রলির সঙ্গে জুটিতে জো রুট ১১২ রান যোগ করেন। সেটাই ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ক্রলি ৭৬ রানে আউট হওয়ার পর রুটের সঙ্গী হন হ্যারি ব্রুক। ভালোই খেলছিলেন দু’জনে। আচমকা স্টার্কের বলে স্মিথের হাতে ৩১ রানে ধরা পড়েন ব্রুক। ক্যাপ্টেন বেন স্টোকস (১৯) ব্যর্থ। খাতা খুলতে পারেননি জেমি স্মিথ।
একদিকে ক্রমাগত উইকেট পড়লেও লক্ষ্যে অবিচল ছিলেন রুট। তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন টেস্টের সেরা ব্যাটার বলা হয় তাঁকে। ১৮১ বলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান এল তাঁর ব্যাটে। ফ্লাড লাইটে গোলাপি বলে স্টার্ক, বোল্যান্ডদের মোকাবিলা সহজ ছিল না। কিন্তু রুট তাঁর ধ্রুপদী ইনিংসে জাত চিনিয়েছেন। দশম উইকেটে জোফ্রা আর্চারকে সঙ্গে নিয়ে যোগ করেছেন ৫০ রান। সেটাই চাপে ফেলেছে অস্ট্রেলিয়াকে। শুক্রবার জোফ্রা ও রুটকে দ্রুত ফেরাতে না পারলে বিপদ যে আরও বাড়বে!