


ভিয়ারিয়াল- ০ : বার্সেলোনা- ২
রিয়াল মাদ্রিদ- ২ : সেভিয়া- ০
মাদ্রিদ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর আদর্শ। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপিয়ে সেই সিআরসেভেনেরই নজির স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। ২০১৩ সালে মাদ্রিদ ক্লাবটির হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ৫৯টি গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। শনিবার সেভিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদের সুবাদে সেই রেকর্ড স্পর্শ করলেন এমবাপে। উল্লেখ্য, ২০২৪ সালের মাঝামাঝি রিয়ালে যোগ দেন তিনি। সেই দিক দেখলে, এটাই বার্নাব্যুতে তাঁর প্রথম পূর্ণাঙ্গ বছর। আর তাতেই রোনাল্ডোর কীর্তি ছুঁয়ে ফেললেন ফরাসি তারকা। তাও আবার নিজের ২৮তম জন্মদিনে। শনিবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আদর্শ রোনাল্ডোর ট্রেডমার্ক সিউ স্টাইল সেলিব্রেশন সারলেন তিনি। ম্যাচে ২-০ গোলে জিতল রিয়াল। এমবাপের পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন জুড বেলিংহ্যাম। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল।
সেভিয়ার বিরুদ্ধে শুরু থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জাবি আলোন্সো ব্রিগেডকে। তবে প্রাথমিক চাপ সামলে ৩৮ মিনিটে রিয়ালকে কাঙ্ক্ষিত লিড এনে দেন জুড বেলিংহ্যাম। ফ্রি-কিক থেকে রডিরগোর ভাসানো সেন্টারে হেডে জাল কাঁপান তিনি (১-০)। ৬৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়ার মার্কোস। আর ৮৬ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন এমবাপে (২-০)।
এদিকে, অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। রবিবার ২-০ গোলে জিতল হান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন রাফিনহা ও লামিনে ইয়ামাল। ১৮ ম্যাচে বার্সার সংগ্রহ ৪৬ পয়েন্ট।