


বিশেষ সংবাদদাতা, আগরতলা: রবিবার সকাল ৭ টা থেকে শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএডিসি)-এর ভোটগ্রহণ। কিন্তু বেলা গড়াতেই রণক্ষেত্রের চেহারা নিল বিভিন্ন এলাকা। ভোট কেন্দ্রেই সামনেই পড়ল বোমা। লাঠি-ইট পাথর নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা-কর্মীদের উপর আক্রমণ করা হয়। ফলে পাহাড় এলাকার ভোট ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। রাজ্যের বিভিন্ন এডিসি এলাকায় শাসক বিজেপির বিধায়ক থেকে শুরু করে প্রার্থী, পোলিং এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে আঙুল উঠেছে রাজ্যের বিজেপি সরকারের জোটসঙ্গী তিপ্রামথার বিরুদ্ধে। টাকারজলায় বিজেপি প্রার্থী নির্মল দেববর্মা সহ দলের কর্মীদের গাড়িতে ভাঙচুর করা হয়। কোনোরকমে প্রাণে রক্ষা পান পদ্ম প্রার্থী।
বিনয় চৌমুহনী এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগে সরব স্থানীয়রা। দীনদয়াল সর্দারপাড়া স্কুল সংলগ্ন বুথেও সংঘর্ষ হয়। একটি গাড়িতে করে দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায় বলে অভিযোগ। কাঁঠালিয়া–মির্জা–রাজাপুরের মতো এলাকাতেও ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেবরায়ের দাবি, মথার সমর্থকরা তুলামুড়া কেন্দ্রের বুথ দখল করার চেষ্টা করে। প্রতিবাদ করলে তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।
বক্সনগরের ভেলুয়ারচরে ভোটকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শান্তিরবাজার মহকুমার অলয়ছড়ায়ও বোমা বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুর করা হয়। উত্তর লালছড়িতে উত্তেজনা চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু মানুষ এডিসি এলাকায় প্রবেশ ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত তিপ্রামথা প্রার্থী ডেভিড মুড়াসিং এব্যাপারে স্থানীয় বিজেপি বিধায়ক জিতেন মজুমদারের দিকে আঙুল তুলেছেন। চাম্পাহাওর কেন্দ্রের লালছুরি বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ, মূলত বিজেপি ও তিপ্রামথা সমর্থকদের মধ্যে সংঘর্ষের এডিসি ভোটে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ৩ টা পর্যন্ত ৭৮ শতাংশ ভোট পড়েছে। এডিসি নির্বাচনে ২৮টি আসনে মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।