


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করল রাজ্য সরকার। এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বুধবার রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বিবৃতি দিয়ে জানিয়েছেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অভাবী বিক্রি আটকাতে এবং রাজ্যবাসীর হাতে সুলভ মূল্যে আলু পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকার এবছরে হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত যেমন চাষিদের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করবে। একইসঙ্গে রাজ্যের বাজারে আলুর যোগানকে স্থিতিশীল ও সুষম রাখবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তর আগামীতেও কৃষকদের পাশে থেকে তাঁদের সুরক্ষা, উন্নতি ও আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে কৃষি বিপণন মন্ত্রী ও বিভাগীয় প্রধান সচিবকে চিঠি দেয়। অন্যদিকে, নির্ধারিত সংরক্ষণকাল ৩০ নভেম্বর শেষ হওয়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চাষিদের বিভ্রান্ত করে নিজেদের মুনাফা বাড়ানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের নয়া উদ্যোগ।