


নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি কী হবে, সেটা তখনও ঠিক হয়নি। তবে ৪ এপ্রিলকে ‘লিবারেশন ডে’ ঘোষণা করে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। এই পরিস্থিতিতে পাল্টা শুল্কনীতির আঁচ থেকে বাঁচতে ভারত থেকে বিপুল সংখ্যক আইফোন আমেরিকায় সরানোর কাজ শুরু করেছিল নির্মাতা সংস্থা অ্যাপল। সূত্রের খবর, মার্চের শেষ সপ্তাহে তিনদিনে আইফোন বোঝাই অন্তত পাঁচটি বিমান উড়ে গিয়েছে মার্কিন মুলুকে। একইভাবে চীন থেকেও ট্রাম্পের দেশে সরানো হয়েছে অ্যাপলের বিলাসবহুল পণ্যগুলি।
আসলে আইফোনের সবচেয়ে বড় বাজার হল আমেরিকা। এমনিতেই অ্যাপলের পণ্য মহার্ঘ। তাই নতুন করে দামবৃদ্ধির কোপ ক্রেতাদের ঘাড়ে চাপাতে চায়নি মার্কিন সংস্থাটি। তড়িঘড়ি ভারত ও চীন থেকে আইফোন সরিয়ে আমেরিকায় মজুত করা হয়েছে। কয়েক মাসের জন্য হলেও মার্কিন বাজারে দামে স্থিরতা আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। অ্যাপল সূত্রের ব্যাখ্যা, ‘অতিরিক্ত শুল্কের প্রভাব শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ থাকবে না, ভারত সহ সর্বত্র এর পড়বে।’ এত কিছুর পরেও অ্যাপলের উৎপাদন নিয়ে ভারতের চিন্তার কোনও কারণ নেই বলে মত বিশেষজ্ঞদের।
আগামী ৯ এপ্রিল থেকে ট্রাম্পের প্রস্তাবিত পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে। ভারতের ক্ষেত্রে ২৬ শতাংশ বাড়তি কর চাপানো হয়েছে। আর চীনের ক্ষেত্রে এই শুল্ক হার ৫৪ শতাংশ। ২৮ শতাংশের এই ফারাকই ভারতকে সুবিধাজনক অবস্থায় রেখেছে। অ্যাপল এবার আইফোন উৎপাদনের ক্ষেত্রে চীনের থেকেও ভারতকে অগ্রাধিকার দেবে। বর্তমানে এদেশ থেকে ৯০০ কোটি ডলারের স্মার্টফোন মার্কিন বাজারে রপ্তানি করা হয়।