


ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার দু’টি ধারাবাহিকের কাজ ছাড়লেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এই সিদ্ধান্ত তাঁদের। গত ২৯ মার্চ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শ্যুটিংয়ে মৃত্যু হয় রাহুলের। তালসারি গিয়েছিলেন অম্বরীশও। তবে প্যাক আপের পর দুপুরেই কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। রাহুলের শেষযাত্রা হোক বা টলিউডের মৌন মিছিল... কোনো কর্মসূচিতেই দেখা যায়নি অভিনেতাকে। কেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে নিজেই জবাব দিলেন অম্বরীশ। তিনি জানিয়েছেন, ‘গত দু’মাস ধরে রাহুলের সঙ্গে কাজ করেছি। এক রুম শেয়ার করেছি। ওর মৃত্যুর খবর শুনে এতটাই ভেঙে পড়েছিলাম, যে আমার পক্ষে শেষযাত্রা বা মিছিলে যাওয়া সম্ভব ছিল না। মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তবে তালসারি থেকে ফেরার দু’দিনের মধ্যে প্রযোজনা সংস্থাকে ফোনে জানিয়েছি, ওদের যে দু’টি ধারাবাহিকে কাজ করছিলাম, তা করতে পারব না। ভোলে বাবা আর চিরসখা থেকে রিজাইন দিয়েছি। এটি ফলাও করে বলার মতো কোনো বিষয় নয়।’ রেশমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেদিন থেকে ওই ঘটনাটি ঘটেছে, সেদিন থেকে আমার সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে কোনো যোগাযোগ করা হয়নি। আমি আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিইনি। কিন্তু জানিয়ে দিয়েছি, ওই দু’টি ধারাবাহিকের একটিতেও আর কাজ করব না। এমন কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে পারব না, যাদের কোনো নৈতিকতা নেই। রাহুলের জায়গায় তো আমিও থাকতে পারতাম, আমার হাজারও সহশিল্পী থাকতে পারতেন!’ অভিনেত্রী রাজন্যা মিত্রও আপাতত সরে দাঁড়াচ্ছেন প্রযোজনা সংস্থার ধারাবাহিক থেকে। বিশেষ সূত্রে পাওয়া খবর, শীঘ্রই ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে। এই আবহে প্রযোজনা সংস্থার প্রশংসায় অভিনেতা ভিভান ঘোষ লিখেছেন, ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা যে সম্মান দেয়, তা অন্য কোনো প্রযোজনা সংস্থা দেয় না।