


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের দুর্ঘটনা স্মার্টসিটি নিউটাউনে। এবার চারচাকা গাড়ির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বাইকচালকের। মৃত যুবক সংগীত শিক্ষক ছিলেন। শনিবার রাতে নিউটাউনের শ্রাচী মোড় এলাকার এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নার রোল ওঠে। স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী এবং শিশুকন্যা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌম্যসুন্দর সাহা (৩৯)। তিনি কেষ্টপুর মহিষগোট এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ফ্ল্যাটে থাকতেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক গাড়ি এবং চালককে আটক করা হয়েছে।
নিউটাউনে দুর্ঘটনা লেগেই রয়েছে। চলতি বছরে ১০ জনের বেশি প্রাণ হারিয়েছেন শুধু নিউটাউনেই। যার সংখ্যাগরিষ্ঠ বাইকচালক। ফের বাইকচালকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে এর আগে পুলিশের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। যদিও স্থানীয়দের দাবি, স্মার্টসিটিতে দুর্ঘটনা কিছুতেই কমানো যাচ্ছে না। শুধু দুর্ঘটনা নয়, মৃত্যুও কমানো যাচ্ছে না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ। সৌম্যবাবু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক নিয়ে পড়াশোনা করেছিলেন। তারপর গান শেখাতেন বিভিন্ন জায়গায়। ওইদিন রাতে গান শিখিয়ে বাড়ি ফিরছিলেন। নিউটাউনের দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। শ্রাচী মোড়ের কাছে একটি বিলাসবহুল গাড়ির তাঁর বাইকে ধাক্কা মারে। তাঁকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে দুর্ঘটনা ঘটল, ওই সিগন্যালে কে কোনদিকে যাচ্ছিল, তা জানার জন্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। ওই ফুটেজ দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। স্থানীয়দের দাবি, রাতের বেলা চারচাকার গাড়িটির গতি ভালোই ছিল। গাড়িটি সাইড থেকে এসে ধাক্কা দেওয়ায় বাইকচালক রীতিমতো উড়ে গিয়ে অনেকটা দূরে ছিটকে পড়েন। গুরুতর জখম হন তিনি। রাস্তায় আছড়ে পড়লে মাথা, বুক সহ শরীরে একাধিক জায়গায় মারাত্মক চোট লাগে। বাইকটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বাঁচানো সম্ভব হয়নি।
এক পুলিশ আধিকারিক বলেন, যে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা হয়েছে, সেই গাড়িতে করেই দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। যদিও চোট গুরুতর থাকায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর গাড়িটি আটক করা হয়। যিনি চালাচ্ছিলেন, সেই চালককেও আটক করা হয়েছে। ফাইল চিত্র