


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুর্গাপুজোর আগের দু’ সপ্তাহ ধরে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলায় অনেকটাই নিয়ন্ত্রণে ছিল ডেঙ্গু। বলা ভালো, প্রায় বেশিরভাগ জায়গাতেই এই মশা বাহিত রোগে আক্রান্তের সংখ্যা নিম্নগামী ছিল। কিন্তু পুজোর মরশুমের এক সপ্তাহের মধ্যেই মাথাচারা দিয়ে উঠল এই রোগ। ওই সাতদিনে ১৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের রিপোর্ট বলছে, ৩৯ তম সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনায় যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৯৬, সেটা ৪১ তম সপ্তাহে সেটা নেমে দাঁড়ায় ৬৭-তে। কিন্তু ৪২ তম সপ্তাহে সেটা বেড়ে দাঁড়ায় ৮২-তে।
এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রাজপুর-সোনারপুর পুরসভায়। লাগাতার সাত সপ্তাহ ধরে পুর এলাকায় এই মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা একেবারে নগণ্য ছিল। সেটাই এক সপ্তাহে হয়ে যায় ১৩। বিশেষ করে এই পুরসভার ১০ ও ৩৫ নম্বর ওয়ার্ডেই বেশি আক্রান্ত পাওয়া গিয়েছে বলে খবর। যদিও বা অন্যান্য এলাকাতেও কমবেশি ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। কেন হঠাৎ এই সময়ে বাড়ল আক্রান্তের সংখ্যা? স্বাস্থ্যবিভাগের অফিসারদের দাবি, উৎসবের সময় নজরদারির অভাব ছিল, সেটা স্পষ্ট। অনেক জায়গাতেই ঠিকমত আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে ড্রেন সাফাই হয়নি। জমা জল সরানো যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এখন লাগাতার পর্যবেক্ষণ করা হচ্ছে বিভিন্ন জায়গা। সার্বিকভাবে ৪২ তম সপ্তাহের শেষে এই স্বাস্থ্য জেলায় আক্রান্তের সংখ্যা ৭৯৬, তার মধ্যে প্রায় ৩০০ জন শুধু ভাঙড় থেকেই (দুটো ব্লক মিলিয়ে)।