


নিউইয়র্ক, ১৬ ডিসেম্বর: পাকিস্তানে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, ফের রাষ্ট্রসংঘে প্রতিবেশী দেশের বিরুদ্ধে গর্জে উঠল ভারত। আজ, মঙ্গলবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ আলোচনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে ভারতের প্রতিনিধি হরিশ পর্বতানেনি। তিনি বলেছেন, ‘জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর অভিনব উপায় অবলম্বন করেছে ইসলামাবাদ। যেমন, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড। তাঁর দলকে নিষিদ্ধ করা, যাতে ভোটে লড়তে না পারে। ২৭তম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে সেনা শাসনের পথ প্রশস্ত করা।
একইসঙ্গে একজন সেনাপ্রধানকে আজীবনের সুরক্ষাকবচ দেওয়ার মতো কাজ করেছে পাক সরকার।’ সিন্ধু জল চুক্তি নিয়েও ভারতের প্রতিনিধি জানিয়েছেন, ‘৬৫ বছর আগে ভারত সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করে। সবটাই ভালোর জন্য। বিগত ৬৫ বছর ধরে, পাকিস্তান সেই চুক্তির মর্যাদা লঙ্ঘন করেছে বারবার। তারা তিনটি যুদ্ধ, কয়েক হাজার জঙ্গি হামলা চালিয়েছে ভারতে। ঠিক এই কারণেই ভারত সিন্ধু চুক্তি রদ করেছে। সীমান্তে সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া থেকে পাকিস্তান সরলে তবেই ভারত সিন্ধু চুক্তি নিয়ে পরবর্তী চিন্তাভাবনা করবে।’