


সংবাদদাতা, ময়নাগুড়ি: দুই বছরের শিশুকে নিয়ে মামার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল শিলিগুড়ির পম্পা শাহ দাস (২২) এবং তাঁর ছেলে বিবেক শাহের (২)। গাড়িতে চেপে মাথাভাঙার দিকে আসছিলেন। সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ঘটনায় মৃতার জামাইবাবু বলেন, পম্পা তাঁর স্বামী এবং শিশুকে নিয়ে সুখে সংসার করছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতেও খুব পছন্দ করত। বিবেক তার মা-বাবার সঙ্গে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিল। এরপর মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি জলপাইগুড়ি যাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা পম্পাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটিকেও বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষমেষ তাঁদের হার মানতে হয়। মৃতের পরিজনদের অভিযোগ, গাড়ি চালকের দোষেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত চালকের কঠিন শাস্তির দাবি করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।