


রিয়াধ: হাজার গোলের মাইল ফলকের দিকে গুটিগুটি পায়ে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার সৌদি প্রো লিগে আল আহলির বিরুদ্ধে জাল কাঁপিয়ে কেরিয়ারে ৯৭০তম গোলটি সেরে ফেললেন সিআরসেভেন। ম্যাচে ২-০ গোলে জিতল আল নাসের। রোনাল্ডোর পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন কিংসলে কোম্যান। এই জয়ের সুবাদে সৌদি প্রো লিগ খেতাবের আরও কাছে পৌঁছাল রিয়াধের ক্লাবটি। বর্তমানে ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসের। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে আপাতত ৮ পয়েন্টে এগিয়ে তারা। লিগের বাকি আর চারটি ম্যাচ। অর্থাৎ, পরবর্তী দু’টি ম্যাচ জিতলেই খেতাব ঘরে তুলবেন রোনাল্ডোরা।
২০২৩ সালে আল নাসেরের জার্সি গায়ে চাপান সিআরসেভেন। তবে প্রথম দু’বছরে মেজর কোনও ট্রফি জয়ের স্বাদ পাননি তিনি। ফলে চলতি মরশুমের শুরুতে তাঁর দলবদলের গুঞ্জন দেখা দেয়। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে আরও দু’বছর আল নাসেরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। সেই সঙ্গে নতুন মরশুমে কাঁধে কাঁধ মিলিয়ে সতীর্থদের ট্রফি জয়ের জন্য ঝাঁপানোর বার্তা দেন পর্তুগিজ মহাতারকা। দলের খেলাতেও তাঁর ছাপ স্পষ্ট। ইতিমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র ফাইনালের টিকিট পাকা করেছে আল নাসের। পাশাপাশি সৌদি লিগেও প্রথম খেতাব জয়ের দোরগোড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।