


সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া কেন্দ্রে তরুণ প্রার্থীকে সামনে রেখেই ভোট পুনরুদ্ধারে নেমেছে সিপিএম। ভোটের প্রচারে কমবয়সিদের ভিড় লাল পার্টির বর্ষীয়ান নেতাদের মুখেও হাসি ফোটাচ্ছে। তবে পুরুলিয়া কেন্দ্রে পদ্মফুলে চলে যাওয়া ভোট ফিরলেই ভালো সাফল্য আসবে বলে মনে করছে বামেরা। যদিও পুরুলিয়া কেন্দ্রের তরুণ প্রার্থীকে সেভাবে পাত্তা দিতে নারাজ জোড়াফুল-পদ্মফুল থেকে শুরু করে কংগ্রেস।
পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবার প্রার্থী করেছে এসএফআইয়ের পুরুলিয়া জেলার নেতা সায়ন্তন ঘোষকে। প্রচারের শুরু থেকে দেওয়াল লিখন পর্যন্ত বামপ্রার্থীর প্রচারে বেশ কয়েকজন তরুণ-তরুণীকে দেখা যাচ্ছে। সায়ন্তনবাবু বলেন, জেলাতে কর্মসংস্থানের অবস্থা শোচনীয়। উচ্চশিক্ষিত থেকে শুরু করে পড়াশোনা কম জানা যুবকরাও বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছেন। অন্যান্য দলগুলিকে মানুষ পরখ করে দেখেছে গত ১৫ বছরে। তাই এবার সাধারণ মানুষ বামেদেরই চাইছে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম বামেদের সঙ্গেই রয়েছে। পুরুলিয়ার সিপিএম নেতা নিলয় চট্টোপাধ্যায় বলেন, বামেরাই এবার পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তরুণদের প্রার্থী করেছে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী সায়ন্তন ঘোষের প্রচারে অনেক তরুণ তরুণীকে দেখা যাচ্ছে। এটা বামেদের পক্ষে ভালো। তিনি আরও বলেন, পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির দিকে চলে যাওয়া ভোট এবার অনেকটাই পুনরুদ্ধার করা সম্ভব হবে। আগে থেকে তো জয় পরাজয়ের বিষয়ে বলা যায় না। তবে এটুকু নিশ্চিত যে, পুরুলিয়াতে রামে যাওয়া বাম ভোট ফিরছে। এ বিষয়ে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও বলেন, বামেদের ভোট বাড়ল নাকি কমল, তাতে কংগ্রেসের কোনো লাভক্ষতি নেই। সিপিএমের ভোট বিজেপিতে গিয়েছিল। তা ফিরলে বিজেপির ক্ষতি হবে। কংগ্রেস প্রার্থী আরও বলেন, তরুণ প্রার্থী হলেও সিপিএম এবার পুরুলিয়া কেন্দ্রে বিশেষ দাগ কাটতে পারবে না। পুরুলিয়া জেলা যুব তৃণমূলের সভাপতি গৌরব সিং বলেন, বামেরা শূন্য ছিল শূন্যই থাকবে। ভোটের সাফল্য পাওয়ার কোনো আশা না দেখেই ওরা ছাত্রযুবদের প্রার্থী করেছে। এতে কোনো লাভ হবে না। এ বিষয়ে বিজেপির পুরুলিয়ার মিডিয়ার ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ বলেন, যুব সমাজকে টানার ওরা টোপ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আখেরে লাভ হবে না। যুব সমাজ ওদের ভাঁওতাবাজিতে থাকছে না। বুড়োগুলো ভয় পাচ্ছে বলেই ছাত্রযুবদের এগিয়ে দিয়েছে।