


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাল ওষুধের বিরুদ্ধে রাজ্যের অভিযান বন্ধ করতে দিল্লি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রহস্যময় ফোনগুলি ঠিক কাদের, এবার তার তদন্ত নামছে পুলিস। বুধবার স্বাস্থ্যদপ্তরের তরফে এমন চারটি রহস্যময় ফোন নম্বর এবং সেই নম্বর থেকে আসা হুমকির বক্তব্য বিস্তারিতভাবে জানানো হয়েছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, স্বাস্থ্যদপ্তরের ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিস একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছ থেকে সূত্র পেয়ে সম্প্রতি হরিয়ানায় অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে সেখানকার ওষুধ নিয়ন্ত্রক সরকারি সংস্থা এফডিএ। অভিযোগ, মৌচাকে ঢিল পড়েছে দেখে সক্রিয় হয় ভেজালের কারবারিরাও। তদন্তকারীদের নিরস্ত করতে ভেজাল ওষুধের গুরুত্বপূর্ণ এক মামলার তদন্তকারী অফিসারের কাছে সম্প্রতি ফোন এসেছিল দিল্লির এক প্রভাবশালীর ঘনিষ্ঠমহল থেকে। হরিয়ানা, দিল্লি সহ দেশের চার জায়গার চারটি আলাদা আলাদা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। প্রভাবশালীদের নাম করে শাসানো হয়। হিমশীতল গলায় হুমকি দেওয়া হয়। বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছে সরকারের শীর্ষ মহল। সেখান থেকে সবুজ সঙ্কেত পেয়েই এদিন ড্রাগ কন্ট্রোলের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়।