


প্যারিস: পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির প্রত্যর্পণ মামলা ক্রমে জটিল হচ্ছে। এবার তাঁকে পরিচয় গোপন রাখার সুরক্ষা কবচ দিল ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস। এর জেরে এখন থেকে মামলাটি গোপন রাখা হবে। এবিষয়ে আদালতের তরফে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানিগুলি ব্যক্তিগতভাবে করা হবে। মামলা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে না।
বর্তমানে লন্ডনের জেলে বন্দি রয়েছেন নীরব মোদি। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে মামলার শুনানি হতে পারে। সেখানে সিবিআইয়ের বক্তব্যও শোনা হবে। সেইমতো রায়দান সম্পন্ন হবে। যদি নীরব মোদির আবেদন খারিজ হয়ে যায়, তাহলে ভারতে প্রত্যর্পণে আর কোনো আইনি জটিলতা থাকবে না। ইউরোপীয় আদালতের মাধ্যমে আইনি পথে গিয়ে প্রত্যর্পণ আটকানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন নীরব মোদি। চোখে সমস্যা, অবসাদ, তদন্তকারী আধিকারিকদের হাতে নির্যাতনের ভয়। কোনো অজুহাতই বাদ দেননি।