


সংবাদদাতা, ময়নাগুড়ি: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ফোন করে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা অজয় বিশ্বাসের মোবাইলে বৃহস্পতিবার রাতে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী বলে পরিচয় দেন। তিনি অজয়কে জানান, তাঁর স্বাস্থ্যবিমার প্রিমিয়াম জমা দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, আগে ব্যাংকের পক্ষ থেকে তাঁর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠানো হবে। এরপর ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি অ্যাপ ফাইল পাঠান এবং সেটি খুলে বিভিন্ন নির্দেশ অনুযায়ী একাধিক স্থানে ক্লিক করতে বলেন। প্রতারকের কথামতো সবকিছু করার কিছুক্ষণের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শুক্রবার অজয় বিশ্বাস ময়নাগুড়ি সাইবার সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।