


নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি: এবার থেকে সরকারি অনুষ্ঠানে দেশের জাতীয় সঙ্গীত জন গণ মন-র পাশাপাশি বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হল। আজ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীত জন গণ মন পরই বাজাতে হবে বন্দে মাতরম। গান গাওয়া বা বাজানোর সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। তবে যদি কোনও তথ্যচিত্রের অংশ হিসেবে বন্দে মাতরম দেখানো হয় তাহলে সেক্ষেত্রে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। কারণ তাতে সিনেমা দেখায় সমস্যা হতে পারে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবকই বাজানো হবে। সময় ৩ মিনিট ১০ সেকেন্ড। দেশের রাষ্ট্রপতি উপস্থিত থাকেন এমন সমস্ত অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং পদ্ম পুরস্কারের সম্মান প্রদান অনুষ্ঠানে বাজাতে হবে বন্দে মাতরম। এছাড়া সরকারি কর্মসূচিতে রাজ্যপালের আগমন ও ভাষণের আগে এবং পরেও বাজাতে হবে এই গান। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তর এবং রাজ্যগুলির কাছে নির্দিষ্ট সংস্করণ, সময়সীমা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে।