


মেলবোর্ন: ওভাল টেস্ট শুরুর আগে কিউরেটর লি ফর্টিসের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। সেই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে আবহ। প্রশ্ন ওঠে কিউরেটরের ক্ষমতার পরিধি নিয়ে। এর পরিপ্রেক্ষিতেই মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। তাঁর মতে, ইংল্যান্ডে বরাবরই মাঠকর্মীরা নিজেদের ক্ষমতা জাহির করে থাকে। তবে গম্ভীরও সুর নরম করতেই পারতেন।
হেডেন বলেছেন, ‘কিউরেটররা সাধারণত পিচ নিয়ে খুব যত্নবান হয়। ইংল্যান্ডে এটা প্রায়শই দেখা যায়। সফরকারী দলকে বোঝাতে চান যে, এটা আমার ভেন্যু। পিচ দূর থেকে দেখার মাধ্যমে গম্ভীরের কাজটা কঠিন করে তোলাই ছিল উদ্দেশ্য। গম্ভীরের প্রতিবাদে ভুল কিছু নেই। তবে সুরটা নরম করতেই পারত। শব্দচয়নের ক্ষেত্রে আরও সতর্ক হলে ভালো হতো।’
ওভাল টেস্টে নামার সময় সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। অনুশীলনের সময় দেখা যায় কিউরেটরের সঙ্গে তর্ক-বিতর্ক হচ্ছে গম্ভীরের। টিম ইন্ডিয়ার কোচ আঙুল উঁচিয়ে কিছু বলেন তাঁকে। ক্যামেরায় ধরা পড়ে গম্ভীরের উক্তি, ‘আমাদের কী করা দরকার তা আপনাকে বলতে হবে না। সেটা বলার অধিকারও আপনার নেই। আপনি সামান্য একজন গ্রাউন্ডসম্যান। তার বেশি কিছু নন।’ ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পরে ব্যাখ্যা করেন যে, কোচিং স্টাফদের পিচ থেকে আড়াই মিটার দূরে থাকতে বলেছেন ফর্টিস। অথচ, তাঁরা কেউ স্পাইক পরেননি। এই ঘটনাতেই রেগে যান গম্ভীর।