


লন্ডন: আগামী ১৫ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগে ঢাকে কাঠি পড়ছে। টুর্নামেন্টের প্রথম দিনেই লিভারপুলের প্রতিপক্ষ বোর্নমাউথ। ম্যাচটি হবে অ্যানফিল্ডে। পরের দিন অ্যাওয়ে ম্যাচে উলভসের বিরুদ্ধে অভিযান শুরু করবে ম্যাঞ্চেস্টার সিটি। আর ১৭ আগস্ট ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের মুখোমুখি হবে ম্যান ইউ। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে হাই-ভোল্টেজ ম্যাচে লিভারপুল খেলবে আর্সেনালের বিরুদ্ধে। আর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে লিগের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বি। ঘরের মাঠ এতিহাদে খেলবেন হালান্ডরা। ফিরতি ডার্বি ১৭ জানুয়ারি।
চার ম্যাচ বাকি থাকতেই ২০২৪-২৫ মরশুমে লিগ খেতাব ঘরে তুলেছিল লিভারপুল। গত কয়েক বছরের মতো এবারও শেষ ল্যাপে পয়েন্ট নষ্ট করে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালকে। তাই এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বদ্ধপরিকর মিকেল আর্তেতা-ব্রিগেড। দল গঠনের ক্ষেত্রেও সেই মরিয়া প্রয়াস দেখা গিয়েছে। অন্যদিকে, ক্লাব ইতিহাসে সবথেকে খারাপ মরশুম শেষ করেছে ম্যান ইউ। লিগ টেবিলে ১৫ নম্বরে শেষ করে রেড ডেভিলসরা। তবে নতুন মরশুমে আবারও দলকে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তুলে ধরাই লক্ষ্য কোচ রুবেন আমোরিমের।