


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিমে সিএবি থেকে প্রতিনিধিত্ব করবেন সৌরভ গাঙ্গুলি। অ্যাপেক্স কমিটির বিশেষ সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ১২ সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠানো ছিল বাধ্যতামূলক। এদিকে, বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষপদে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মহারাজ। তিনি মনোনয়ন জমা দেবেন ১৪ সেপ্টেম্বর। সেদিনই হয়তো স্পষ্ট হয়ে যাবে, সিএবি’তে নির্বাচন হবে কি না। আপাতত সম্ভাবনা খুবই কম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভ ও তাঁর প্যানেলের জয় শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে ময়দানের অভিজ্ঞ মহল। তবুও অপেক্ষায় না থেকে সিএবি’র পক্ষ থেকে সৌরভের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে বোর্ডের এজিএমের জন্য।
স্পোর্টস বিল পাস হলেও এবার লোধা কমিটির নিয়ম মেনে ভোট হবে সিএবি’তে। ফলে অনেকেই নিয়মের জালে ভোটে লড়তে পারবেন না। তাই একাধিক নতুন মুখ দেখা যেতে পারে সিএবি’র প্রশাসনে। সৌরভের প্যানেলে কারা থাকবেন, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে একাধিক নাম। সৌরভ ঘনিষ্ঠ সঞ্জয় দাস বড় পদ পেতে পারেন বলে খবর। তাঁকে কোষাধ্যক্ষ কিংবা যুগ্মসচিব করা হতে পারে। সৌরভের আরও এক কাছের মানুষ বেলগাছিয়া ইউনাইটেড ক্লাবের সুব্রত (বাবলু) সাহা ফিনান্স কমিটিতে আছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে রয়েছে স্বার্থের সংঘাতের অভিযোগ। কোষাধ্যক্ষ হওয়ার পথে আইনি জটিলতা অন্তরায় হতে পারে। প্রাক্তন কোষাধ্যক্ষ বাবলু গাঙ্গুলির ছেলে সৌমিককে চাইছে ময়দানের একটি বড় ক্লাব। সচিব পদে বর্ষীয়ান বাবলু কোলের নামও ভাসছে। তবে তাঁর পথও মসৃণ নয়। বেহালা ফ্রেন্ডসের শ্রীমন্ত মল্লিক, কুমারটুলির প্রসেনজিৎ ব্যানার্জি, আড়িয়াদহের দীপাংশু ঘোষাল এবং প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষও আলোচনার কেন্দ্রে। তাঁদের কেউ কেউ অ্যাপেক্স কমিটিতে জায়গা পেতে পারেন। তবে পদাধিকারী এবং অ্যাপেক্স কমিটির সদস্য চয়নে স্বচ্ছতা ও দক্ষতাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন সৌরভ। তাই নানা অঙ্ক কষেই সিদ্ধান্ত নিতে হবে তাঁকে।
দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের নিলামে ছিলেন মহারাজ। দেশে ফিরেছেন। বৃহস্পতিবার গিয়েছিলেন সিএবি’তে। দফায় দফায় বৈঠকও করেন সদস্যদের সঙ্গে। এদিকে, ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘সমর্থন চাইতে সৌরভ আমাদের ক্লাবে এসেছিল। আমরা ওকে সমর্থন জানিয়েছি। স্নেহাশিস দক্ষ হাতেই সিএবি চালিয়েছে। তা সত্ত্বেও বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। আমার বিশ্বাস, সিএবি’র ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সৌরভ।’ এদিকে, আসন্ন মরশুমের জন্য ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করল বাংলা।