


বিশেষ সংবাদাদাতা, কাটরা: দেশে দাঙ্গা লাগানোর উদ্দেশ্য ছিল পাকিস্তানের। আসলে তারা মানবতার বিরোধী। পহেলগাঁওতে হামলার মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের অর্থনীতি, পর্যটন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল পড়শি দেশ। জম্মু-কাশ্মীরের মানুষের রুটি-রুজি কেড়ে নিতে চেয়েছিল। শুক্রবার উপত্যকায় দাঁড়িয়ে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন চেনাব ব্রিজ ও আনজি সেতুর উদ্বোধন করেন তিনি। চালু হয়েছে নতুন বন্দে ভারত এক্সপ্রেসও। তারপরই কাটরার সভা থেকে পাকিস্তানকে একের পর এক কটাক্ষ করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন,‘পাকিস্তান মানবতার বিরোধী। তারা কাশ্মীরের আমজনতার রোজগার কেড়ে নিতে চেয়েছিল। পহেলগাঁওয়ের ঘটনা তারই উদাহরণ।’ এরপরই অপারেশন সিন্দুরের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, অপারেশন সিন্দুরের নাম শুনলেই নিজেদের লজ্জাজনক হার ও সর্বনাশের কথা মনে পড়বে পাকিস্তানের। পাকসেনা ও সেদেশে লুকিয়ে থাকা জঙ্গিরা ভাবতেই পারেনি, ভারত এভাবে পাকিস্তানের ঘরে ঢুকে হামলা চালাবে। দশকের পর দশক জুড়ে ওখানে যে সন্ত্রাসবাদের ডেরা গড়ে উঠেছিল, কয়েক মিনিটে তা গুঁড়িয়ে দিয়েছে ভারত। বর্তমানে জম্মু-কাশ্মীরের যুবসমাজের মানসিকতায় পরিবর্তন এসেছে। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেওয়ার জন্য তৈরি। তাই জম্মু-কাশ্মীরের উন্নয়নকে আর আটকে রাখা যাবে না। যদি কেউ উপত্যকার যুবসমাজের উন্নয়নে, তাদের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের সবার আগে মোদির মুখোমুখি হতে হবে।
কাটরার সভা থেকে পহেলগাঁও হামলায় মৃত স্থানীয় ঘোড়াওয়ালা সৈয়দ আদিল হুসেন শাহকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। আদিলের অদম্য সাহসকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই উপত্যকার হিরো আদিল’। প্রধানমন্ত্রীর কথায় এদিনের অনুষ্ঠান ভারতের একতা ও ইচ্ছাশক্তির এক বড় উৎসব। আইফেল টাওয়ারের সঙ্গে চেনাব সেতুর তুলনা টানেন তিনি। বলেন, এটি আইফেল টাওয়ারের থেকেও উঁচু। এবার সকলে চেনাব দেখতে কাশ্মীরে আসবে। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় স্কুলে পড়তেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। আজ তাঁর ৫৫ বছর বয়সে প্রকল্পটির উদ্বোধন হল। এই স্বপ্নপূরণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ওমর। সেই প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার শৈশবের স্বপ্ন পূরণ হল। কাজটি সম্পূর্ণ করতে পেরে আমরা গর্বিত। আজকের দিনটি জম্মু-কাশ্মীরের মানুষের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। পাক হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন মোদি।