


নয়াদিল্লি: কারগিল বিজয় দিবস, জাতীয় নিরাপত্তা, খেলাধূলা এবং বিজ্ঞানের মতো একাধিক বিষয় ‘মন কি বাতে’ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ২৬ জুলাই ‘কারগিল বিজয় দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, কারগিলের দুর্গম পর্বতমালা, প্রতিকূল আবহাওয়া এবং শত্রুপক্ষের কঠিন চ্যালেঞ্জ—আমাদের সাহসী জওয়ানরা অতিক্রম করেছিলেন। এই দিনটি আমাদের সমস্ত ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের। জওয়ানদের এই বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবছর ‘শৌর্য বিজয় যাত্রা’র আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ও আত্মনির্ভরতার উপরও জোর দিয়েছেন তিনি। তাঁর কথায়, সম্প্রতি নৌবাহিনীতে যুদ্ধজাহাজ ‘আইএনএস মহেন্দ্রগিরি’ যুক্ত হয়েছে। অত্যাধুনিক এই জাহাজে ব্যবহৃত ৭৫ শতাংশ সরঞ্জাম দেশীয়। এছাড়া ডিআরডিওর ‘পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট’ এবং ‘কুশ’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য বিজ্ঞানীদের প্রশংসা করেন। ইন্দোনেশিয়ার সঙ্গে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের তৈরি সামরিক সরঞ্জামের উপর আস্থা বাড়ছে আন্তর্জাতিকস্তরে। মহাকাশ গবেষণাক্ষেত্রে বেসরকারি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের প্রতিভার বিকাশের জন্য আমরা মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করেছি। তার সাফল্যও মিলেছে। সম্প্রতি খেলাধূলোয় সাফল্যের
প্রশংসা করে মোদি বলেন, পি ভি সিন্ধুর প্রথম ভারতীয় হিসাবে ‘জাপান ওপেন’ জয় এবং লর্ডসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রীড়াক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। আগামী ৭ আগস্ট ‘জাতীয় হস্তশিল্প দিবস’ উপলক্ষ্যে দেশের তাঁতশিল্পীদের সম্মান জানাতে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।